|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে প্রি-হজ কার্যক্রম সম্পন্ন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে প্রি-হজ কার্যক্রম সম্পন্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিজি-৩৩৫ নম্বর ফ্লাইটে ২১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে শেষ প্রি-হজ ফ্লাইটটি। এর মধ্য দিয়ে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলো। এর আগে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান “হজ ফ্লাইট-২০২৬” উদ্বোধনের মাধ্যমে এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। বিমান সূত্র জানায়, এ বছর ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি। এছাড়া সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য সেবাও সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের সেবায় এবার বিশেষ উদ্যোগও নেয় সংস্থাটি। এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় যাত্রীদের মধ্যে বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, এই বৃহৎ জাতীয় কার্যক্রম সফল করতে সংস্থাটির সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে জাতীয় এয়ারলাইন্স হিসেবে তারা আবারও সক্ষমতার পরিচয় দিয়েছে। হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য অংশীজনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
