গাজীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, চলতি বছরে ভর্তি ৮৩০ রোগী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 20 May, 2026, 1:30 PM
গাজীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, চলতি বছরে ভর্তি ৮৩০ রোগী
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত মোট ৮৩০ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬৯ জন। একই সময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন রোগী।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩ জন শিশু এবং ১ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ জন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত ৫৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলামসহ সংশ্লীষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে হাম সংক্রমণের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তারা অভিভাবকদের আহ্বান জানিয়েছেন শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার জন্যে। এর পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।