|
সোনারগাঁওয়ে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা রবিবার (১৭ মে) সকালে উপজেলার বড় আলমদী শাউপাড়া এলাকার একটি নির্জন বাগান থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ সদস্য ফুলেছা বেগমের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাগানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকার কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও নিহতের পরিবার তা মানতে নারাজ। আশরাফুলের মা ফুলেছা বেগম অভিযোগ করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ঘটনার আগে কয়েকজন বন্ধু ফোন করে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আমার ছেলে আত্মহত্যা করার মতো না। তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
