সরকারি গোপন ডেটাবেজে হানা দেওয়া কে এই তরুণ প্রোগ্রামার?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 May, 2026, 4:18 PM
সরকারি গোপন ডেটাবেজে হানা দেওয়া কে এই তরুণ প্রোগ্রামার?
দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) অত্যন্ত সংবেদনশীল তথ্য চুরির পর অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে এক তরুণ অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতার মো. আরমান হোসেন (২২) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) আজ বৃহস্পতিবার মঙ্গলবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিআইডি জানায়, গত বছরের অক্টোবর মাসে ফেসবুকের একটি বিজ্ঞাপনে এনআইডি ডেটা, এসএমএস তালিকা এবং ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টের তথ্য বিক্রির বিষয়টি নজরে আসে সাইবার মনিটরিং সেলের। এর সূত্র ধরে লক্ষ্মীপুর থেকে সিয়াম হাওলাদার এবং পরে খুলনার কয়রা থেকে আল-আমিন নামের দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই চক্রের মূল কারিগর আরমানকে শনাক্ত করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আরমান অত্যন্ত দক্ষ প্রোগ্রামার। এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি ‘সব এখানে’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করেন। চক্রের অন্য সদস্যরা মাঠপর্যায়ে বিপণনের কাজ করলেও আরমান কারিগরি দিকটি সামলাতেন। জাতীয় পর্যায়ের বিভিন্ন গোপনীয় ডেটাবেজ থেকে অবৈধভাবে তথ্য সংগ্রহ করে এই অ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রি করত চক্রটি।
গ্রেফতারের সময় আরমানের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড (যার তিনটি বিকাশ মার্চেন্ট সিম) এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান জানিয়েছেন, তিনি নির্দিষ্ট একটি গোষ্ঠীর সহায়তায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গ্রেফতার আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তথ্য ফাঁসের উৎস কোথায়, তা উদ্ঘাটনে তদন্ত চলছে। সাধারণ মানুষকে এ ধরনের অনলাইন অফার থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিআইডি।