ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
ইমন-মুস্তাফিজের নৈপুণ্যে জিতল লাহোর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 April, 2026, 10:10 AM

ইমন-মুস্তাফিজের নৈপুণ্যে জিতল লাহোর

ইমন-মুস্তাফিজের নৈপুণ্যে জিতল লাহোর

আগের দুই ম্যাচে মিডল অর্ডারে নেমে ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি পারভেজ হোসেন ইমন। ফখর জামান নিষেধাজ্ঞায় পড়ায় তিনি লাহোর কালান্দার্সের হয়ে ওপেন করার সুযোগ পেয়ে যান। আর তাতেই ঝড় তুলেছেন ব্যাট হাতে। ১৯ বলে ইমনের ৪৫ রানের দারুণ ইনিংসের পর বল হাতে জোড়া উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। যাতে ভর করে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর।

গতকাল (শুক্রবার) গাদ্দাফি স্টেডিয়ামে দুই দলই নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে। ‍বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ১৩ ওভারে নামিয়ে আনার পর টস হেরে আগে ব্যাট করতে নামা স্বাগতিক লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ ইমন। মাত্র ৫.১ ওভারে তারা ৮৬ রানের বিধ্বংসী জুটি গড়ার পর আব্দুল্লাহ শফিক ও সিকান্দার রাজা ক্যামিও ইনিংসে লাহোর ১৮৫ রানের বড় সংগ্রহ পায়। 

যদিও শুরুতে ব্যাট হাতে ভুগেছেন ইমন। প্রথম ১০ বলে মাত্র ৯ রান করার পরই শুরু হয় ইমনের ব্যাটিং তাণ্ডব। ইনিংসের ৩.৩ ওভার থেকে ৪.৩ ওভার পর্যন্ত সাতটি বলে হাঁকিয়েছেন পাঁচটি ছয়। এই সাত বলের মাঝখানে রয়েছে একটি চারের মারও। ১৩ ওভারের ম্যাচে বড় ইনিংস খেলার সুযোগ ছিল ইমনের সামনে। কিন্তু দ্রুত রান তোলার তাড়নায় বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। মাত্র ১৯ বল খেলে করেছেন ৪৫ রান। এতে রয়েছে পাঁচটি ছক্কা ও দুটি চারের মার।

ইমন ফিরলেও লাহোর কালান্দার্সের রানের চাকা ঠিকই সচল রাখেন ওপেনার নাঈম ও দ্বিতীয় উইকেটে খেলতে নামা আব্দুল্লাহ শফিক। ফিফটি পূরণের পর ২৮ বলে চারটি করে চার-ছক্কায় ৬০ রানে থামেন নাঈম। আর আউট হওয়ার আগে মাত্র ১৪ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন শফিক। ১৩ ওভারে লাহোর করে ১৮৫ রান। মুলতানের পক্ষে ২টি উইকেট নিয়েছেন মুহাম্মদ ইসমাইল।

লক্ষ্য তাড়ায় মুলতান সম্ভাবনা তৈরি করলেও তাদের ইনিংস থেমেছে ১৬৫ রানে। তাদের শুরুটা ভালো হয়নি। ১৮ রানের মাথায় বিদায় নেন স্টিভেন স্মিথ (৯) ও জশ ফিলিপ (১)। অন্যপ্রান্ত আগলে রাখা সাহিবজাদা ফারহানকে (১৫ বলে ২৪) ফিরিয়েছেন মুস্তাফিজ। ২ ওভারের স্পেলে ১৮ রান দিলেও, নিজের তৃতীয় ওভারে খরুচে ছিলেন এই বাংলাদেশি তারকা। ওই ওভারে শান মাসুদকে ফেরালেও খরচ করেন ১৯ রান। ৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ফিজ ৩৭ রান দিয়েছেন। ১৮ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৪ রান করেছেন মাসুদ।

প্রায় নাগালের বাইরে চলে যাওয়া ম্যাচেও মুলতানকে সম্ভাবনা দেখিয়েছেন অ্যাশটন টার্নার। ২২ বলে ২ চার ও ৫ ছক্কায় তিনি অপরাজিত ৫২ রান করেন। ১১ বলে ২৫ রান করেন আরাফাত মিনহাস। ১৩ ওভার শেষে তাদের ইনিংস থামে ৫ উইকেটে ১৬৫ রানে। লাহোরের পক্ষে মুস্তাফিজ ২ এবং শাহিন আফ্রিদি, উবাইদ শাহ ও সিকান্দার রাজা একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে লাহোর দুই এবং মুলতান পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। যদিও ৩ ম্যাচে উভয়ের পয়েন্ট সমান ৪ করে, তবে নেট রানরেটে এগিয়ে লাহোর। ৩ ম্যাচের সবকটিতে জেতায় শীর্ষে করাচি কিংস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status