|
ইরান যুদ্ধের মধ্যেই সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন হেগসেথ
নতুন সময় ডেস্ক
|
![]() ইরান যুদ্ধের মধ্যেই সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেছেন, “জর্জ সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর নিচ্ছেন, যা এখন থেকেই কার্যকর হচ্ছে।” যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানরা সাধারণত চার বছরের মেয়াদ শেষেই অবসরে যান। জর্জের বেলায় তার ব্যতিক্রম ঘটল। ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি থেকে ডিগ্রি নেওয়া, সামরিক বাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জর্জকে ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সেনাপ্রধান পদে মনোনয়ন দিয়েছিলেন, জানিয়েছে বিবিসি। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘খুব দ্রুতই’ শেষ হবে বলে আশা করা হচ্ছে—মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটা বলার পরই তার প্রশাসন সেনাপ্রধান পদে রদবদলের পথে হাঁটল। জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধে পদাতিক বাহিনীতে কর্মরত ছিলেন; পরে তিনি ইরাক ও আফগানিস্তানেও দায়িত্ব পালন করেন। কেন তাকে সরে যেতে বলা হল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। “আমরা তার দীর্ঘদিনের কাজে কৃতজ্ঞ, কিন্তু এখন সময় এসেছে সেনাবাহিনীতে নেতৃত্ব বদলের,” নাম প্রকাশে রাজি না হওয়া ঊর্ধ্বতন এক প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে এমনটাই বলেছেন। পেন্টাগনের মুখপাত্র পারনেল বলেছেন, “জেনারেল জর্জ কয়েক দশক ধরে আমাদের দেশকে যে সেবা দিয়ে এসেছেন যুদ্ধ মন্ত্রণালয় তার জন্য কৃতজ্ঞ। তার অবসর জীবনের জন্য আমাদের শুভকামনা থাকল।” আপাতত জর্জের স্থলাভিষিক্ত হচ্ছেন সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ ক্রিস্টোফার লেনিভ; তিনিই ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। “যুদ্ধের ময়দানে পরীক্ষিত নেতা লেনিভের সেনাবাহিনীর কর্মকাণ্ডে কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কোনো ত্রুটি ছাড়াই ট্রাম্প প্রশাসনের লক্ষ্যকে এগিয়ে নেবেন বলে মন্ত্রী হেগসেথের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে,” বলেছেন পারনেল। ওয়েস্ট পয়েন্টের মিলিটারি অ্যাকাডেমি বুধবার জর্জের সঙ্গে সেনাদের বৈঠকের কিছু ছবি পোস্ট করে লিখেছিল, “তিনি (জর্জ) নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া ক্যাডেটদের সঙ্গে অভিজ্ঞতালব্ধ দিকনির্দেশনা বিনিময় করছেন।” পেন্টাগনে ঢোকার পর থেকে এ পর্যন্ত হেগসেথ চিফ অব নেভাল অপারেশনস ও বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফসহ ডজনের বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। জর্জের পাশাপাশি হেগসেথ সেনাবাহিনীর আরেক শীর্ষ জেনারেল ডেভিড হুডনি ও মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে অনামা এক পেন্টাগন কর্মকর্তার বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এক বার্তা সংস্থা। এই দুই সামরিক কর্মকর্তাকে কেন সরানো হল, তারও কোনো কারণ জানানো হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
