|
স্বনির্ভর টেলিযোগাযোগ ও আইসিটি খাতের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্বনির্ভর টেলিযোগাযোগ ও আইসিটি খাতের দাবিতে মানববন্ধন মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি ও উদ্বেগ তুলে ধরা হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের। তিনি বলেন, স্বনির্ভর টেলিযোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থা না থাকলে একটি দেশ কতটা ঝুঁকির মুখে পড়তে পারে, তার বাস্তব উদাহরণ রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। বাংলাদেশে প্রতিদিন প্রায় সাত হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পূর্ণভাবে একটি পরনির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভরশীল। বড় কোনো বিপর্যয় ঘটলে দেশের সার্বিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অতিমাত্রায় ভারতনির্ভরতা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য বড় ধরনের হুমকি। এই বাস্তবতা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, দেশের মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার এবং কোর নেটওয়ার্ক সেবায় দীর্ঘদিন ধরে বিদেশি—বিশেষ করে ভারতীয়—প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এর ফলে দেশীয় দক্ষ জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে। তারা আরও বলেন, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও ব্যবস্থাপনা পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে বিদেশিনির্ভরতার কারণে দেশের তথ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হচ্ছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন মানবাধিকার ও সমাজকর্মী সাধনা মহল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহফুজ, নকিব খান এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। মানববন্ধন থেকে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অপ্রয়োজনীয় বিদেশিনির্ভরতা কমাতে জাতীয় নীতিমালা প্রণয়ন, দেশীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদ নিয়োগ বাধ্যতামূলক করা, আন্তর্জাতিক ব্যান্ডউইথে বহুমুখীকরণ, দেশীয় সফটওয়্যার ও আইটি সেবায় অগ্রাধিকার, বিদেশি ভেন্ডরদের কার্যক্রমে কঠোর নজরদারি এবং দেশীয় প্রযুক্তি শিল্পে গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আশা প্রকাশ করেন, দেশীয় মেধা ও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ একটি স্বনির্ভর, নিরাপদ ও শক্তিশালী টেলিযোগাযোগ ও আইসিটি খাত গড়ে তুলতে সক্ষম হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
