|
অর্থপাচারের অভিযোগে সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
|
![]() অর্থপাচারের অভিযোগে সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে মামলা বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য দেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে ‘অর্থপাচারের’ অভিযোগ আসার পর অনুসন্ধানে সেটির প্রাথমিক প্রমাণের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন মামলা করার অনুমোদন দিয়েছে। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সাঈদ খোকন ও শাহানা হানিফ এর ‘সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেড’ এর বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেনের মাধ্যমে ‘লেয়ারিং’ প্রক্রিয়ায় সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের মোট সাতটি হিসাবের মাধ্যমে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৩০৪ টাকা স্থানান্তর ও লেনদেন করা হয়। অনুসন্ধানে দুদক দেখতে পেয়েছে, শাহানা হানিফ ব্যাংক হিসাব খোলার সময় নিজের পেশা, আয় ও পরিচয় সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। তার ভাই সাঈদ খোকন, যিনি তখন সরকারি কর্মচারী (মেয়র) হিসেবে দায়িত্বে ছিলেন, ব্যবস্থাপক মো. রাজু আহমেদের সঙ্গে যোগসাজশে এই অর্থ ‘লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ’ অর্জন করেন। অনুসন্ধানের বরাতে দুদক বলছে, সিটি ব্যাংক’র বনানী লেকভিউ শাখা, এক্সিম ও প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় শাহানা হানিফ ও ‘সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেড’ এর নামে একাধিক সঞ্চয়ী, এসএনডি ও এফডিআর হিসাব খোলা হয়। এসব হিসাবের মাধ্যমে বারবার অর্থ স্থানান্তর করে ‘মানি লন্ডারিং’ সংঘটিত হয়। দুদকের ভাষ্য, সাঈদ খোকন, শাহানা হানিফ ও সাইদ খোকন প্রোপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপক মো. রাজু আহমেদ দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
