ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়ির ঘটনায় ‘ভারতের ইন্ধন’ দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 29 September, 2025, 2:56 PM

খাগড়াছড়ির ঘটনায় ‘ভারতের ইন্ধন’ দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ির ঘটনায় ‘ভারতের ইন্ধন’ দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে এক মারমা ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার জের ধরে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ‘ভারতের ইন্ধন’ দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

এক সাংবাদিকদের বক্তব্য ছিল, “পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র, টাকার যোগান দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা এবং বক্তব্য আসছে ভারতের যেন প্রদেশ হিসাবে নিয়ে যাওয়া হয়।”

এই বক্তব্যে সমর্থন জানিয়ে উপদেষ্টা বলেন, "ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি।"

গত মঙ্গলবার রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে।

শনিবার থেকে ‘জুম্ম-ছাত্র জনতা’ ব্যানারে তিন পার্বত্য জেলায় চলছে অবরোধ। পরিস্থিতি অবনতি হলে শনিবার দুপুরে খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

কিন্তু এর মধ্যেই সহিংসতা ছড়িয়ে পড়ে এবং একটি বাজারে আগুন দেওয়া হয়। পরে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহতের খবর আসে।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার রাতে এক বিবৃতিতে সহিংসতার জন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট–ইউপিডিএফকে দায়ী করে।

সেখানে বলা হয়, “বিগত কয়েক দিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার মহিলা এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।”

সোমবার দুপুরে ঢাকার রমনা কমপ্লেক্সে ডিএমপির পাঁচটি থানার প্রসাশনিক কাম-ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করার পর খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, “বর্তমানে সনাতন ধর্মালম্বীদের একটি বড় উৎসব চলছে। এই উৎসবটাকে শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এই উৎসবটা ভালোভাবে, ধর্মীয় উদ্দীপনায় এবং উৎসবমুখরভাবে যাতে হতে না পারে, একটা মহল সেই চেষ্টা করছে।"

সেই ‘মহলই’ খাগড়াছড়িতে ঘটনা ঘটাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "আমাদের পার্বত্য এলাকার উপদেষ্টা (সুপ্রদীপ চাকমা) ওই জায়গায় আছেন, তিনি বিষয়টি দেখছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের সাথে এবং স্থানীয় নেতাদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে।”

রোববারের সহিংসতার বিষয়ে এক প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, “আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে ফায়ার করেছে। অনেকে বাইরে থেকে এসেছে, আমি দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই বলে দিয়েছেন।"

দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ‘বিশৃঙ্খলা’ না করে, রাস্তা-ঘাট অবরোধ না করে, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status