ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
‘এখন জেলেনস্কির ব্যাপার’, পুতিনের সঙ্গে ‘১০-এ ১০’ বৈঠক শেষে ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 August, 2025, 3:34 PM

‘এখন জেলেনস্কির ব্যাপার’, পুতিনের সঙ্গে ‘১০-এ ১০’ বৈঠক শেষে ট্রাম্প

‘এখন জেলেনস্কির ব্যাপার’, পুতিনের সঙ্গে ‘১০-এ ১০’ বৈঠক শেষে ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কমান্ডার-ইন-চিফ বলেছেন, সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে আলাস্কার বৈঠককে কাজে লাগিয়ে মস্কোর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর দায়ভার এখন কার্যত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে।

“চুক্তি সম্পন্ন করার কাজ এখন পুরোটাই জেলেনস্কির ওপর নির্ভর করছে। আমি বলবো ইউরোপের দেশগুলোরও এতে খানিকটা যুক্ত হওয়া দরকার, তবে পুরোটাই প্রেসিডেন্ট জেলেনস্কির ব্যাপার,” পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফক্স নিউজকে ট্রাম্প এমনটাই বলেছেন।

তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ‘১০ এর মধ্যে ১০’ দিয়েছেন বলেও জানিয়েছে এনডিটিভি।

দুই প্রেসিডেন্ট ইউক্রেইন প্রসঙ্গে কোনো ‘ব্রেক থ্রু’ আনতে পারেননি, নিজেদের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা এবং বন্ধুত্বের বাতাবরণ তৈরি হওয়ার কথা বললেও যুদ্ধবিরতি নিয়ে কোনো খবর তারা দিতে পারেননি।

সহযোগীদের নিয়ে তিন ঘণ্টার ‘হাই প্রোফাইল’ বৈঠক থেকে বেরিয়ে নিজেকে ‘ডিলমেকার’ বলতে পছন্দ করা ট্রাম্পকে তাই বলতে হয়েছে, “আমরা এখনও সেখানে (চুক্তি) পৌঁছাতে পারিনি, কিন্তু অগ্রগতি হয়েছে। চুক্তি না হওয়া পর্যন্ত তো চুক্তি হয়নি- এটাই শেষ কথা।”

‘অনেক বিষয়ে’ অগ্রগতি হওয়া বৈঠককে ‘খুবই ফলপ্রসূ’ আখ্যা দিয়েছেন ট্রাম্প, যদিও বিস্তারিত বলেননি তিনি।

“খুবই অল্প কিছু জিনিস বাকি আছে, তার মধ্যে অনেকগুলোই গুরুত্বপূর্ণ নয়, একটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ,” খোলাসা না করে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের ব্যাপার নিয়ে জেলেনস্কি ও নেটো নেতাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

১২ মিনিট স্থায়ী যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টও মোটাদাগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রসঙ্গই বেশি টেনেছেন। ইউক্রেইন এবং ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে তিনি এও বলেছেন, “কোনো বাধা সৃষ্টি করবেন না। উসকানি বা দরজার আড়ালে ষড়যন্ত্রের মাধ্যমে এই উদীয়মান অগ্রগতিকে ব্যাহত করার চেষ্টা করবেন না।”

“যে বোঝাপড়ায় আমরা উপনীত হয়েছি, তা ইউক্রেইনে শান্তির পথ সুগম করবে,” বলেছেন পুতিন।

ট্রাম্প যখন দ্বিতীয় বৈঠক নিয়ে খানিকটা অনিশ্চয়তার সুরে বলছিলেন, রুশ প্রেসিডেন্টকে তখন হাসতে এবং স্পষ্ট ইংরেজিতে বলতে শোনা গেছে, “নেক্সট টাইম ইন মস্কো (পরের বার মস্কোতে)।”

সাবেক এ কেজিবি কর্মকর্তা ট্রাম্পকে ভূয়সী প্রশংসায়ও ভাসিয়েছেন। বলেছেন, জো বাইডেনের বদলে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে রাশিয়া হয়তো ইউক্রেইনে অভিযান শুরু করতো না বলে ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি, তার সঙ্গে তিনিও একমত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status