চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বামীর বিরুদ্ধে ইমা দেবী প্রকাশ ময়না (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামী সজল চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০১ জুলাই) সকাল ১০টায় উপজেলার বারশত ইউনিয়নের বারশত বনিকপাড়া ০৭ নং ওয়ার্ডের বাদল চৌধুরীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, আটককৃত স্বামী বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকার শিবু চক্রবর্তীর ছেলে। সে আনোয়ারার বারশতে মামা বাদল চৌধুরীর বাড়িতে বসবাস করতো। আটককৃত পেশায় একজন কাট মিস্ত্রি। নিহত ইমা দেবী পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিলো না।
স্থানীয়রা জানান, স্বামী সজল চক্রবর্তী প্রায় সময় মদ খেয়ে স্ত্রীকে মারধর করতো। সে পেশায় কাট মিস্ত্রি হলেও নিয়মিত কাজ না করে মদ খেয়ে পড়ে থাকতো।
স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, ভোরে স্বামী সজল আমাকে ফোন দিয়ে জানায় তার স্ত্রী রাতে মারা গেছে। তৎক্ষনাৎ চৌকিদার নিয়ে তার ঘরে গিয়ে দেখি সজলের স্ত্রীর লাশ পড়ে আছে। এবং পাশে স্ত্রী ভাই রয়েছে। ভাই জানায় রাতে ফোন করে তার দুলাভাই (সজল) বোনের মৃত্যুর খবর জানালে সে রাতেই এখানে চলে আসে। ইউপি সদস্য আরও জানায়, স্বামী সজল সবসময় মদ পান করে। এদিন রাতেও সে মদপান করে তার বউকে মারধর করেছে। বউয়ের শরীরে মারের চিহ্ন রয়েছে।
ঘটনাটি হত্যাকাণ্ড জানিয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহাম্মদ জানায়, সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মরদেহের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। স্বামীই তার স্ত্রীকে হত্যা করেছে তবুও ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত ভাবে জানা যাবে। এঘটনায় স্বামী আটক রয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।