ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩৫ বছর আগে খুন : সগিরা মোর্শেদের মামলার রায় আবার পেছাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 February, 2024, 2:00 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 20 February, 2024, 2:02 PM

৩৫ বছর আগে খুন : সগিরা মোর্শেদের মামলার রায় আবার পেছাল

৩৫ বছর আগে খুন : সগিরা মোর্শেদের মামলার রায় আবার পেছাল

রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ঘোষণা আবার পিছিয়ে আগামী ১৩ মার্চ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতের (বিশেষ দায়রা জজ) ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান এই তারিখ ধার্য করেন।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত গত ৮ ফেব্রুয়ারি রায়ের তারিখ ধার্য করেন। ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় রায়ের তারিখ পিছিয়ে ২০ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

মামলার আসামিরা হলেন নিহত সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি হিসেবে চিহ্নিত মারুফ রেজা এবং মন্টু নামের একজন। ডা. হাসান, তাঁর স্ত্রী ও মন্টু জামিনে আছেন। অন্য দুজন কারাগারে আছেন। 

বিচার চলাকালীন মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। 

এর আগে ২০২০ সালের ১৬ জানুয়ারি ঢাকার আদালতে সগিরার ভাশুরসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম। এরপর একই বছরের ৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। 

২০২১ সালের ২ ডিসেম্বর সগিরা মোর্শেদের ভাশুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। আসামি মন্টুর বিরুদ্ধে যেহেতু আগেই অভিযোগ গঠন করা হয়েছিল, সে কারণে তিনিও এই মামলার আসামি থেকে যান। 

১৯৮৯ সালের ২৫ জুলাই সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন স্বামী সালাম চৌধুরী। 

প্রত্যক্ষদর্শী রিকশাচালক ঘটনায় জড়িত দুজনের কথা বললেও মন্টু নামের একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠনও হয়েছিল। 

এরপর হাইকোর্টের আদেশে মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল। পরে হাইকোর্ট ৬০ দিনের মধ্যে মামলার অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন। 

২০১৯ সালের ১৭ আগস্ট এই মামলার তদন্ত শুরু করে পিবিআই। তদন্ত করতে গিয়ে দেখা যায় সগিরা মোর্শেদের ভাশুর ডা. হাসান আলী পরিবারের অন্য সদস্যদের যোগসাজশে পারিবারিক কলহের জেরে ভাড়াটিয়া খুনি দ্বারা এই খুনটা করান। 

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, সগিরা মোর্শেদের পরিবারের সঙ্গে আসামি শাহীনের বিভেদ তৈরি হয়েছিল। এ ছাড়া শাশুড়ি সগিরাকে অপছন্দ করতেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে সগিরা-শাহীনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সম্বোধন করা নিয়েও ছিল পারিবারিক দ্বন্দ্ব। 

অভিযোগপত্রে আরও বলা হয়, সগিরার কাজের মেয়েকে মারধর করেন আসামি ডা. হাসান আলী চৌধুরী। এ নিয়ে পারিবারিক বৈঠকে সগিরাকে দেখে নেওয়ার হুমকি দেন শাহীন। আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে অন্য আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করেন। পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status