মোনালিসায় স্যুপ নিক্ষেপ করে বিক্ষোভকারীদের প্রতিবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 January, 2024, 12:57 PM
মোনালিসায় স্যুপ নিক্ষেপ করে বিক্ষোভকারীদের প্রতিবাদ
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে সংরক্ষিত লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় স্যুপ নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। তবে বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ক্রমবর্ধমান জ্বালানী খরচ বন্ধ এবং কৃষি আইন শিথিল করা নিয়ে প্যারিসে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছেন বিক্ষোভকারীরা। সবার জন্য স্বাস্থ্যকর খাবারের অধিকার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ হিসেবেই একদল পরিবেশ আন্দোলনকারী এই কাজ করেন। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লিওনার্দো দ্য ভিঞ্চির ষোড়শ শতকের এই চিত্রকর্ম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি। প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে চিত্রকর্মটি। ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, বুলেটপ্রুফ গ্লাসে ঢাকা থাকায় এই চিত্রকর্মের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, টি-শার্ট পরা দুই নারী বিক্ষোভকারী চিত্রকর্মটিতে স্যুপ ছুড়ে মারছেন। স্যুপ ছুড়ে মারার পর মোনালিসার সামনে দাড়িয়ে প্রতিবাদ করেন তারা। এ সময় তারা বলেন, ‘কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শিল্প না কি স্বাস্থ্যকর খাবারের অধিকার?’ তারা আরও বলেন, ‘আমাদের কৃষিব্যবস্থা অসুস্থ। আমাদের কৃষকেরা কাজে গিয়ে মারা যাচ্ছেন।’
রিপোস্তে এলিমন্তেয়ার নামে একটি নিরাপদ খাদ্য আন্দোলন গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে গোষ্ঠীটি বলেছে, ‘সাধারণ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় খাদ্য নিরাপত্তাকে একীভূত করার দাবির অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে।’
গোষ্ঠীটি বলেছে, খাদ্যের বর্তমান মডেল সবচেয়ে অনিশ্চয়তাকে তুলে ধরেছে এবং এটি আমাদের খাদ্যের মৌলিক অধিকার রক্ষা করে না। গোষ্ঠীটি খাবারের জন্য ভর্তুকি হিসেবে ফরাসি নাগরিকদের প্রতি মাসে ১৫০ ইউরোর একটি ফুড কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগেও বিখ্যাত এই চিত্রকর্মটিতে অনেকেই খাবার নিক্ষেপ করেছিলেন। ১৯৫০ এর দশকে একজন দর্শনার্থী এটিতে অ্যাসিড ঢেলে দিয়েছিলেন। ২০২২ সালে দেশটির একজন অ্যাক্টিভিস্ট চিত্রকর্মটিতে কেক ছুড়ে মেরেছিলেন।