শ্রীলঙ্কা থেকে ২০ কোটি ডলার ফেরত পাওয়া যাবে মার্চের মধ্যে: গভর্নর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 14 October, 2022, 12:32 AM
শ্রীলঙ্কা থেকে ২০ কোটি ডলার ফেরত পাওয়া যাবে মার্চের মধ্যে: গভর্নর
বাংলাদেশ থেকে ২০ কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা। ২০২১ সালে নেওয়া এ ঋণ তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা চিল। কিন্তু এ ঋণ যথাসময়ে ফেরত না দিতে পেরে শ্রীলঙ্কা কয়েক দফা সময় চায় এবং বাংলাদেশও সময় দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, আগামী ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এ ঋণ পরিশোধ করবে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, বোর্ড অব গভর্নরসের বৈঠকের বাইরে তিনি শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানেই এমন আশ্বাস পেয়েছেন। তিনি বলেন, ‘দেশটি অর্থনৈতিক সংকটের কারণে নির্ধারিত সময়ে আমাদের অর্থ ফেরত দিতে পারেনি। ঋণ শোধের মেয়াদ আমরা দুই দফা বাড়িয়েছিলাম।’
বাংলাদেশের জন্য এটা খুবই ভালো খবর মন্তব্য করে আব্দুর রউফ তালুকদার বলেন, ‘দেশটি এত দিন এ নিয়ে কথা বলেনি। কিন্তু আজ তাদের গভর্নর আমাকে নিশ্চয়তা দিয়েছেন।’
আগামীকাল কমনওয়েলথ দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নরদের নিয়ে বৈঠক আছে এবং বাংলাদেশ এ বৈঠকের সভাপতিত্ব করছে। আব্দুর রউফ তালুকদার জানান, তিনি এ বৈঠকে সভাপতিত্ব করবেন।
বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গভর্নর এখন ওয়াশিংটনে আছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল না যাওয়ায় তিনিই বাংলাদেশের ১১ সদস্যের দলের নেতা।