ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সকল সরকারি সেবা এক ঠিকানায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 September, 2022, 7:52 PM

সকল সরকারি সেবা এক ঠিকানায়

সকল সরকারি সেবা এক ঠিকানায়

সরকারি বিভিন্ন দপ্তরে সেবাপ্রাপ্তির আবেদন, বিভিন্ন সনদ ও প্রত্যয়ন, এমনকি বিভিন্ন লাইসেন্সের আবেদনও করা যাবে এক প্ল্যাটফরম থেকেই। জমিজমা থেকে শুরু করে পাসপোর্ট, বিটিআরসি, সব মন্ত্রণালয়, দপ্তর, এমনকি বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ের সরকারি সেবার আবেদনও এক জায়গায়ই করা যায়।


এ পর্যন্ত ১১ হাজার ৫৪৭টি সরকারি অফিসকে মাইগভ প্ল্যাটফরমে যুক্ত করা হয়েছে। এক হাজার ৯০১টি সেবা র‌্যাপিড ডিজিটালাইজেশনের আওতায় এতে যুক্ত করা হয়েছে


সব সরকারি সেবাকে একটি প্ল্যাটফরম থেকে প্রদানের জন্য ‘মাইগভ’ যাত্রা শুরু করে ২০২০ সালে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারি সেবাগুলোকে ই-সেবায় রূপান্তর করতে এটুআই প্রগ্রামের উদ্যোগে ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত ‘মাইগভ’ একটি সমন্বিত সেবা প্ল্যাটফরম। ১৭২টি সেবা নিয়ে যাত্রা শুরু করা প্ল্যাটফরমটিতে এখন দুই হাজার সরকারি সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।


মাইগভে নাগরিকরা একটি মাত্র ওয়েব ঠিকানায় একবার নিবন্ধন করেই অনলাইনে সব সরকারি সেবার অনলাইনে আবেদন ও সেবা গ্রহণ করতে পারছে। এর ফলে নাগরিক যেমনভাবে কম সময়, কম খরচে ভ্রমণ করে সর্বোচ্চ মানের সেবা পাচ্ছে, তেমনি নাগরিকরা প্রাপ্ত সেবার কোয়ালিটি সম্পর্কে মতামত প্রদান করতে পারছে।

 

যেভাবে ব্যবহার করা যাবে


সরকারি সব সেবা এক প্ল্যাটফরমে আনার অঙ্গীকার নিয়ে ‘আমার সরকার বা মাইগভ’ প্ল্যাটফরমটি ওয়েব ব্রাউজার কিংবা মোবাইল অ্যাপ উভয় প্ল্যাটফরম থেকেই ব্যবহার করা যায়। ব্রাউজারে www.mygov.bd ঠিকানায় গিয়ে কিংবা গুগল প্লে স্টোরে ‘আমার সরকার’ লিখে সার্চ করে অ্যাপ ইনস্টল করে সেবা ব্যবহার করা যাবে। মাইগভ প্ল্যাটফরমের যেকোনো সেবা ব্যবহারের আগে নাগরিক নিবন্ধন অপশন ব্যবহার করে একটি অ্যাকাউন্ট চালু করে নিতে হবে।


ওয়েব ও অ্যাপের বাইরেও সরকারি সেবার হেল্পলাইন ৩৩৩ থেকেও মাইগভ প্ল্যাটফরমের সেবা পাওয়া যাবে। এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠী বা যারা নিজেরা ইন্টারনেট সেবার বাইরে কিংবা নিজে ব্যবহারে অপরাগ, তারা চাইলে নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে কিংবা যেকোনো এক সেবা উদ্যোক্তা পয়েন্ট থেকেও মাইগভ প্ল্যাটফরমের সেবা নিতে পারবে।

 

তথ্য দেব একবার, সেবা নেব বারবার


নিজস্ব মোবাইল নম্বর কিংবা ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রথম ধাপে প্রদানকৃত মোবাইল নম্বর কিংবা ই-মেইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে, সেটি ব্যবহার করে পাসওয়ার্ড সেট করে নিলেই অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে। এরপরের ধাপে লগইন করার পর প্রফাইল আপডেট করে নিতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে তাঁর ব্যক্তিগত তথ্যাবলি স্বয়ংক্রিয়ভাবে প্রফাইলে যুক্ত হয়ে যাবে। এর বাইরেও কিছু ব্যক্তিগত তথ্য নিজে থেকে প্রদান করে প্রফাইলটি সম্পূর্ণ করে নিতে হবে। একবার প্রফাইল আপডেট সম্পন্ন হয়ে গেলে পরবর্তী সময়ে ওই অ্যাকাউন্ট থেকে যেকোনো সরকারি সেবার আবেদনের ক্ষেত্রে বারবার তথ্য প্রদানের প্রয়োজন পড়বে না। এক ক্লিকেই সরকারি সেবার আবেদন করা যাবে।


জাতীয় পরিচয়পত্র না থাকলে এর পরিবর্তে জন্মনিবন্ধন ব্যবহার করেও অ্যাকাউন্ট করা যাবে।

 

যে ধরনের সেবা মিলবে


মাইগভ প্ল্যাটফরমে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি অফিসগুলোর নানা সেবা পাওয়া যাবে। এ পর্যন্ত ১১ হাজার ৫৪৭টি সরকারি অফিসকে মাইগভ প্ল্যাটফরমে যুক্ত করা হয়েছে। এক হাজার ৩৮৯টি সরকারি সেবা এখন ব্যবহার করা যাচ্ছে, বাকিগুলো প্রক্রিয়াধীন—এমনটিই জানান এটুআই-এসপায়ার টু ইনোভেটের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালট্যান্ট আদনান ফয়সাল। তিনি জানান, এরই মধ্যে মাইগভ সিস্টেমটি ৩৪.১৩ লাখেরও অধিক নাগরিক রেজিস্ট্রেশন করেছে এবং মাইগভের মাধ্যমে সরকারি সেবা গ্রহণের জন্য ২৩.৭০ লাখেরও আবেদন এসেছে, যার মধ্যে ২২ লাখ ১৮ হাজারেরও অধিক নাগরিকের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বীর মুক্তিযোদ্ধাদের সনদ সংশোধন, ডিজিটাল বিজনেস আইডি (ই-কমার্স উদ্যোক্তাদের জন্য), বিদেশগামীদের শিক্ষা সনদ যাচাই, শিক্ষা মন্ত্রণালয়ের অনেক সেবা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার সার্ভিস ইত্যাদি; ভূমিসেবার সব আবেদন, বিটিআরসির সব আবেদন, বিভিন্ন সনদ, লাইসেন্স, ভাতাপ্রাপ্তির আবেদন থেকে শুরু করে দপ্তরভিত্তিক বিভিন্ন ধরনের আবেদন করা যাবে প্ল্যাটফরমটিতে।

 

সেবার আবেদন প্রক্রিয়া


যেকোনো সেবার আবেদন করতে প্রথমে ওয়েব কিংবা অ্যাপে গিয়ে লগইন করতে হবে। এর পর থেকে থাকা সার্চ অপশন ব্যবহার করে নির্দিষ্ট কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে কাঙ্ক্ষিত সেবাটি খুঁজে বের করতে হবে। এ ছাড়া সেখানে দপ্তর, খাত ও সেবাগ্রহীতার ধরন অনুসারেও সেবাগুলোকে সাজানো রয়েছে। সেখান থেকেও প্রয়োজনীয় ক্যাটাগরি কিংবা দপ্তর থেকে প্রয়োজনীয় সেবাটি খুঁজে পাওয়া যাবে।


ধরুন, আপনি কেনাকাটা করতে গিয়ে কোনো বিক্রেতা বা প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির স্বীকার হয়েছেন, এ ক্ষেত্রে মাইগভ প্ল্যাটফরমের মাধ্যমে আপনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। আবার ধরুন, আপনি মোবাইল অপারেটর থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, তাহলে সেটির জন্য বিটিআরসিতে অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া ব্যাবসায়িক নিবন্ধন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক কিংবা ব্যক্তিগত নানা সনদের আবেদন করা যাবে।

এ জন্য নির্দিষ্ট আবেদনের ঘরে গেলে প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা প্রদানের সর্বোচ্চ সময়সীমা প্রদর্শিত হবে। সেখান থেকে আবেদন করুন, বাটনে ক্লিক করে প্রয়োজনীয় বিষয় উল্লেখ করে আবেদন সম্পন্ন করা যাবে।

 

জানা যাবে আবেদনের সর্বশেষ অবস্থাও


মাইগভ প্ল্যাটফরমে সফলভাবে একটি আবেদন জমা দেওয়ার পর সেটি নির্দিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে এবং ট্র্যাকিং নম্বরসংবলিত একটি এমএমএস আসবে নিবন্ধনকৃত মোবাইলে। সেখানে থাকা ট্র্যাকিং নম্বর ব্যবহার করে কিংবা অ্যাকাউন্টে লগইন করে সেবা ব্যবস্থাপনা মেন্যু থেকে আবেদনের সর্বশেষ হালনাগাদ অবস্থা জানা যাবে। আবেদন করার পর সেই আবেদনের দায়িত্বপ্রাপ্ত অফিস বা কর্মকর্তা প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি যাচাই-বাছাই ও নিষ্পন্ন করা হলে সেটির হালনাগাদ অবস্থাও মাইগভ থেকেই জানা যাবে।

 

কাঙ্ক্ষিত সেবা না পেলে করা যাবে অভিযোগও


সেবার আবেদন করার পর সেবা প্রদান প্রতিশ্রুতিতে উল্লিখিত সময়ের মধ্যে সেবা না পেলে বা সেবার গুণগত মান বা প্রদান পদ্ধতি নিয়ে অসন্তোষ থাকলে মাইগভে থাকা ‘অভিযোগ দাখিল করুন’ লিংকে ক্লিক করে অভিযোগ জানানো যাবে। এ ছাড়া প্রাপ্ত সেবার মান সম্পর্কে প্রতিক্রিয়া ও রেটিং জানানো যাবে। এ ছাড়া সেবার মানোন্নয়নে যেকোনো নাগরিক মূল্যবান প্রতিক্রিয়াও জানাতে পারবে।

 

ব্যবহারকারীর অভিজ্ঞতা কেমন

মাইগভ প্ল্যাটফরম সেবা নিয়েছেন কিংবা সেবা গ্রহণের চেষ্টা করেছেন এমন ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই কাঙ্ক্ষিত সেবা ঠিকঠাক পাচ্ছেন জানালেও বেশ কিছু ব্যবহারকারী সেবা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া সব সরকারি অফিস এখনো এই প্ল্যাটফরমে যুক্ত নয় বলেও অভিযোগ করেন অনেক ব্যবহারকারী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status