টিপকাণ্ড: তদন্তে নির্দোষ হয়েও চাকরিচ্যুত পুলিশ সদস্য তারেক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 September, 2022, 6:53 PM
টিপকাণ্ড: তদন্তে নির্দোষ হয়েও চাকরিচ্যুত পুলিশ সদস্য তারেক
তদন্ত কমিটির রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলেও শুধুমাত্র একজন নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য নাজমুল তারেককে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, ‘আমি উল্টা পথে এসে অপরাধ করেছি। কিন্তু টিপকাণ্ডের মতো কোনো ঘটনায় আমার সংশ্লিষ্টতা নেই।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বরখাস্ত পুলিশ সদস্য নাজমুল তারেক। এ সময় নবজাতক কন্যাশিশু সাইফা আক্তার মুনতাহাকে নিয়ে পাশে ছিলেন তার অসুস্থ স্ত্রী।
ভুক্তভোগী তারেক অভিযোগ করেন, টিপকাণ্ডে ডিএমপি থেকে গঠিত দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির রিপোর্টে নির্দোষ প্রমাণিত হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই নারীর কথামতো অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহিমা আক্তার লাকী তাকে চাকরিচ্যুত করেন।
ওই মহিলার সাথে বাকবিতণ্ডার অডিও এবং ভিডিও ফুটেজ পাওয়ায় প্রমাণিত হয়েছে যে তারেক অশোভন আচরণ করেছেন- এমন যুক্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়।
সংবাদ সম্মেলনে তারেক দাবি করেন, সেই ভিডিও ফুটেজ জনসম্মুখে প্রকাশ করতে হবে, তা না হলে তিনি এডিসি লাকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
তারেকের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে চাকরিচ্যুত করে যে অপরাধ করা হয়েছে আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।’