তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েই সালমান খানের এমন উদ্যোগ?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 September, 2022, 6:42 PM
তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েই সালমান খানের এমন উদ্যোগ?
সম্প্রতি ভারত সফরকালে সেখানকার উদ্যোগপতিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন, বাংলাদেশ এই মুহূর্তে বিনিয়োগের সেরা ঠিকানা। যে কেউ নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন।
বঙ্গবন্ধু-কন্যার সেই আহ্বানেই কি সাড়া দিলেন বলিউড মেগাস্টার সালমান খান?
বলিউডের এই সুপারস্টার বাংলাদেশে ব্যবসা শুরুর ঘোষণা দেওয়ার পর সর্বত্রই ঘুরছে এমন প্রশ্ন। তার জবাব না মিললেও সালমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে থাকা তার অসংখ্য অনুরাগী। অনেকে অভিনেতার ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে আসার আগ্রহও জানিয়েছেন।
শুধু তাই নয়, এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন অনেকে।
কিন্তু বাংলাদেশে কিসের ব্যবসা চালু করছেন সালমান খান? জানা গেছে, রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে বলিউড সুপারস্টারের পোশাকের ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর একটি আউটলেট চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীর এইচ ব্লকে। সেখানে উপস্থিত থাকেন সালমান খানের ছোট ভাই অভিনেতা-প্রযোজক সোহেল খান।
এর আগে বিশ্বের ১৫টি দেশে একাধিক আউটলেট চালু করেছে সালমান খানের এই সংস্থা। ভাইজানের জনপ্রিয়তার পাশাপাশি তার এই পোশাক ব্র্যান্ডটিও বিপুল জনপ্রিয়।
২০১২ সালে সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর যাত্রা শুরু হয়েছিল। সে সময় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন অভিনেতা। এই ব্যান্ডের পোশাক বিক্রি করে ভাইজান যা আয় করেন, তার বেশিরভাগই খরচ করেন দুঃস্থ শিশুদের শিক্ষার ক্ষেত্রে।
সালমান খানের ‘বিইং হিউম্যান’-এর জন্য আয়োজিত র্যাম্প শো’তে অংশ নিতে দেখা গেছে একাধিক বলিউড সুন্দরীকে। এই শোগুলো থেকে উপার্জিত যাবতীয় অর্থ খরচ করা হতো দুঃস্থদের জন্য। সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার খরচ চালান সালমান।