চট্টগ্রামে চান্দগাঁওয়ে প্রেমের কারণে আত্মহত্যা করেছেন রিয়া শর্মা (১৮) নামে এক র্যাম্প মডেল তরুণী। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে পুরাতন চান্দগাঁও পাঠানিয়াগোদার সিরাজ বিল্ডিংয়ের চর্তুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়া শর্মা রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট মানিক শীলের বাড়ির ওমান প্রবাসী সন্তোষ শর্মার মেয়ে। সে অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের এবং ওয়াসা মোড়ের প্রমোট র্যাম্প একাডেমির ছাত্রী ছিলেন।
জানা গেছে, রিয়া শর্মা একবছর আগে প্রমোট র্যাম্প একাডেমির শিক্ষক মিঠু ভৌমিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে দুজনের সম্পর্ক আরও গভীর হয়। আত্মহত্যার তিনদিন আগে রিয়া পরিবারের কাউকে এমনকি প্রেমিক মিঠুকে কিছু না জানিয়ে একা একা কক্সবাজার চলে যান। পরে এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়।
এরপর রিয়া একটি সিগারেট খেতে খেতে মিঠুকে ভিডিও কল দিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকেন। এসময় মিঠু তাকে অনেক বুঝিয়ে বললেও রিয়া তার কথা কানে তুলেনি। পরে মিঠু সিগারেট খাওয়ার একটি স্ক্রিনশট নিয়ে তার মাকে দেখান।
এরপর মিঠুর সঙ্গে রিয়ার তুমুল ঝগড়া হয়। আত্মহত্যার আগে (মঙ্গলবার) রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুজনের কথা হয়। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মিঠু ভৌমিক বলেন, রিয়ার সঙ্গে আমার এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে গত এক সপ্তাহ ধরে রিয়া বারবার সেই সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছিল।
মিঠু আরও বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুজনের কথা হয়। যদিও আমাদের সম্পর্কের কথা দুজনের পরিবার জানলেও আমার চাকরি না থাকায় রিয়ার পরিবার সে সম্পর্ক মেনে নিতে রাজি হচ্ছিল না। রিয়া পরিবারের সমস্যার কারণে আর বাঁচতে চায় না বলে জানালে আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং কথা শেষ করে ফোন রাখি। কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারি সে আত্মহত্যা করেছে।
তবে রিয়ার একাধিক বন্ধু-বান্ধবীর দাবি, কিছু অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর রিয়া আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
এ প্রসঙ্গে মিঠু বলেন, আমাদের কোনো অন্তরঙ্গ ছবি নেই। কারণ আমি তাকে সত্যিকারভাবেই ভালোবাসতাম।
এদিকে রিয়ার মামা অপু শীল বলেন, প্রেমঘটিত ব্যাপারেই আমার ভাগনি আত্মহত্যা করেছে। আমরা পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি।
এবিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান চৌধুরী বলেন, পুরাতন চান্দগাঁও পাঠানিয়াগোদা এলাকায় রিয়া শর্মা নামে এক মডেল তরুণী মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছে। কী কারণে আত্মহত্যা করেছে এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।