প্রকাশ: Wednesday, 9 February, 2022, 11:32 AM সর্বশেষ আপডেট: Wednesday, 9 February, 2022, 11:33 AM
দলের মনোনয়ন না পেয়ে বিজেপি নেত্রীর কাণ্ড (ভিডিও)
পৌরসভার ভোটে দলের মনোনয়ন না পেয়ে ভারতের পশ্চিমবঙ্গের খড়গপুরে দলের মনোনীত প্রার্থীর সব পোস্টার ছিঁড়ে ফেলেছেন বিজেপির এক নেত্রী। ওই নেত্রীর নাম বেবি কোলে। এমনকি বিজেপিকে ভোট দিলে 'দেখে নেওয়া'র হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের।
জিনিউজের খবরে বলা হয়, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী মৌসুমী দাস। তার সমর্থনের এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল। এদিন সমস্ত পোস্টার ছিঁড়ে দিলেন দলের 'বিক্ষুদ্ধ' নেত্রী বেবি কোলে।
ওই নেত্রীর অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা ৩ লক্ষ টাকার বিনিময়ে পৌরভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাও আবার পৌরভোটের দায়িত্বপ্রাপ্ত অন্য এক নেতার মাধ্যমে! কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। সেকারণেই প্রার্থীও করা হয়নি।
খবরে বলা হয়, আলিপুরদুয়ারে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বাবা ও মেয়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভ গেরুয়াশিবিরেও।
মঙ্গলবার আলিপুরদুয়ার শহরের ২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপি নেতা আশিষ দত্ত। আর ১৯ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তার মেয়ে। সোমবার জেলাগতভাবে ১০৮ পৌরসভায় প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি ।
খবরে আরও বলা হয়, আলিপুরদুয়ারে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন আশিষ দত্ত। পৌরসভার চেয়ারম্যান ছিলেন দুইবার। তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন আশিষ। তার ইচ্ছে ছিল, দলের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের পৌরভোটে লড়বেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বিজেপি স্থানীয় নেতৃত্ব।