ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
নিপুণের আপিল শুনানি আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:48 AM

নিপুণের আপিল শুনানি আজ

নিপুণের আপিল শুনানি আজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার আপিল শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন আদালত।

হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে নিপুণ আপিল আবেদন করেন। নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আপিল করলে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান শুনানির দিন ধার্য করেন।

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাবে জয়ী করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত এর আগে সোমবার স্থগিত করেন হাইকোর্ট।

জায়েদ খানের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া। নিপুণের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ।

সোমবার আহসানুল করীম বলেছিলেন, জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে এক সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া জায়েদ খানের দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতেও নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে সাধারণ সম্পাদক হিসাব বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়।

৫ ফেব্রুয়ারি সেই পরিপ্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে। পরে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন।

এরপর থেকে বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন জায়েদ খান। রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তারের নেতৃত্বে নতুন কমিটির একাংশ শপথ নেয়।

পরে শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে তারা নিজ নিজ পদের চেয়ারে বসেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন শিল্পী সমিতির সদস্যরা।

এফডিসিতে চলচ্চিত্রের ১৮ সংগঠনের জরুরি বৈঠক : চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতারা মঙ্গলবার বিকালে এফডিসিতে জরুরি বৈঠকে বসেন। বৈঠকটি নিয়ে তাই সবার নজর ছিল এফডিসিতে।

কারণ নতুন কোনো দিকনির্দেশনা আসে কিনা এই বৈঠক থেকে। তবে চলচ্চিত্রের উন্নয়নে এই বৈঠক হয় বলে সেখানে উপস্থিত হওয়া নেতারা জানিয়েছেন।

ধারণা করা হয়েছিল যে, জায়েদ খান এবং এফডিসির এমডির বিরুদ্ধে কোনো কঠোর সিদ্ধান্ত আসছে। কিন্তু বৈঠকে আসলে কী আলোচনা হয়েছে সে বিষয়ে অংশগ্রহণকারী কোনো নেতাই পরিষ্কার করেননি।

বৈঠক শেষে শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, জায়েদ খান বা এফডিসির এমডির বিরুদ্ধে কোনো আলোচনাই হয়নি। কথা হয়েছে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নের নানা বিষয় নিয়ে।

সবাই জানেন, আমাদের মুখপাত্র অভিনেতা আলমগীর। তাকে নিয়ে এখন কীভাবে চলচ্চিত্রের প্রযোজক বৃদ্ধি করা যায়, সিনেমার মানোন্নয়ন করা যায়-এসব আলোচনা হয়েছে।

তিনি যে মুভমেন্টটা করছেন সেটাকে শক্তিশালী করতে শিল্পী সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে সঙ্গে নিয়েছেন। এছাড়া চলচ্চিত্রাঙ্গনে যেন কাদা ছোড়াছুড়ি না হয় সেদিকেও খেয়াল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই চিত্রনায়ক আরও বলেন, সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সেটা এখন আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিতে হবে। সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা দেখা দিলে যদি সহসাধারণ সম্পাদক সাইমনকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব নিতে হয়ে তবে কী করবেন?

এর জবাবে সাইমন বলেন, সংগঠনের গঠনতন্ত্রে এ নিয়ম আছে। তবে আমরা নিপুণ আপাকেই চাই। এর বাইরে কিছু হলে পরেরটা পরেই দেখা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status