ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা বেগম (৭০), শেরপুরের নালিতাবাড়ির মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট্য (৭০), আক্কাস আলী (৭৫) ও নেত্রকোনা সদরের আনোয়ার আহমেদ (৫৫)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।