মিশ্র ডোজ বিপজ্জনক, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 11:42 AM
মিশ্র ডোজ বিপজ্জনক, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুতেই কমছে না। এর মধ্যে কিছুটা আশার আলো জ্বালিয়েছে ভ্যাকসিন আবিষ্কারের বিষয়টি। এর প্রয়োগ নিয়েও চলছে নানা বিচার বিশ্লেষণ।
করোনা প্রতিরোধে দুই ডোজে দুই কোম্পানির টিকা নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে অনেক দেশেই। আর এই দুরকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (১২ জুলাই) করোনা টিকা নিয়ে ভার্চ্যুয়াল মাধ্যমে নিজের মতামত জানান সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। সেখানে মিশ্র টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রয়টার্সের বরাত দিয়ে সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, বহু মানুষ মিশ্র টিকা নেয়ার কথা ভাবছেন। প্রথম টিকা এক সংস্থার নিয়েছেন, দ্বিতীয় টিকাটি অন্য সংস্থার নিতে পারেন কিনা। এই মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা নেই। এই সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।
স্বামীনাথন আরও বলেন, তাই দুরকমের টিকা নেওয়ার এই প্রবণতা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে।
জার্মানি এবং ইউরোপের একাধিক দেশে ইতিমধ্যেই দুবার দুরকমের টিকা নেওয়ার নিয়ম চালু হয়েছে।
ভারতেও বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক-ভি টিকাকরণে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে এমন সতর্কবার্তা এলো।