সিলেটে মানবিক সাহায্যের নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ‘সাইবার অপরাধীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, গতকাল শুক্রবার ওসমানীনগর এলাকা থেকে মো. জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১) নামের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। তারা সাইবার অপরাধের সঙ্গে জড়িত।
গ্রেপ্তার মো. জাফরান খান সিলেট জেলার ওসমানীনগর থানার ইলাশপুর (দক্ষিণ) গ্রামের আব্দুল গিয়াস খানের ছেলে ও তারেক হোসেন (২১) একই উপজেলার নিজকরনসী গ্রামের মো. সুফি মিয়ার ছেলে।
পুলিশ সুপার জানান, আটক দুজন বিভিন্ন রোগে আক্রান্ত-এমন অসুস্থ একাধিক শিশুর ছবি সংগ্রহ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট ও শেয়ার করে তাদের চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন করে আসছিলেন।
এদিকে, বিভিন্ন গ্রুপে আলাদা নামে সাহায্যের আবেদন করলেও একই মোবাইল নম্বর দেওয়ায় বিষয়টি পিবিআইয়ের নজরে আসে। তাই এর সত্যতা পেতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পিবিআই। একপর্যায়ে তারা ওই দুই প্রতারককে শনাক্তের পর তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
এই দুই ‘সাইবার অপরাধীকে’ আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রতারণার মাধ্যমে কতো টাকা হাতিয়েছে তার তদন্ত চলছে বলে জানান পিবিআইয়ের এই কর্মকর্তা।