ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কানাডার আদিবাসী স্কুলে আবারো মিললো ১৮২ শিশুদের কবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 2:24 PM

কানাডার আদিবাসী স্কুলে আবারো মিললো ১৮২ শিশুদের কবর

কানাডার আদিবাসী স্কুলে আবারো মিললো ১৮২ শিশুদের কবর

কানাডার পুরনো আদিবাসী আবাসিক স্কুলে আবারো শিশুদের কবরের খোঁজ মিলেছে। জানা গেছে, ৭৫১ কবর আবিষ্কারের এক সপ্তাহের মাথায় আরো ১৮২টি অচিহ্নিত কবরের সন্ধান মিলেছে দেশটিতে। এ নিয়ে এক মাসে বিভিন্ন অঞ্চলে পরপর তিনটি সাবেক আবাসিক স্কুলপ্রাঙ্গণে শনাক্ত হলো ১ হাজার ১৪৮টি অচিহ্নিত কবর।

ব্রিটিশ কলাম্বিয়ার ক্র্যানব্রুকের কাছে সাবেক সেইন্ট ইউজিন্স মিশন খোঁজ মিলেছে সবশেষ অচিহ্নিত কবরগুলোর। এসব কবরে সাত থেকে ১৫ বছর বয়সী আদিবাসী শিশুদের দেহাবশেষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অঞ্চলটির স্থানীয় আদিবাসীদের সংগঠন লোয়ার কুটিনি ব্যান্ড জানিয়েছে, গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার ব্যবহার করে কবরগুলোর অবস্থান খুঁজে পাওয়া গেছে। একেকটি কবরের গভীরতা তিন থেকে চার ফুট পর্যন্ত।

কবরগুলো কেটুনাক্সা উপজাতিভুক্ত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্যদের বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে লোয়ার কুটিনি ও নিকটবর্তী এলাকাগুলোর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী।

সংবাদমাধ্যম এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, সাবেক সেইন্ট ইউজিন্স মিশন স্কুলটিও পরিচালনার দায়িত্বে ছিল ক্যাথলিক চার্চ। ১৯১২ সাল থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত কানাডার তৎকালীন কেন্দ্রীয় সরকারের অর্থায়নে স্কুলটি চালু ছিল।

মে মাসে একই প্রদেশে সাবেক কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে ২১৫ আদিবাসী শিশুর অচিহ্নিত কবর শনাক্ত হয়। এরপর গত সপ্তাহে সাসকাচোয়ান প্রদেশের মেরিভ্যালে আরেকটি স্কুলে শনাক্ত হয় আরো ৭৫১টি অচিহ্নিত কবর, যা প্রদেশটিতে প্রথম; কানাডার সাম্প্রতিক ইতিহাসেও এর আগে একসঙ্গে এত বেশি অচিহ্নিত কবর শনাক্ত হয়নি।

অটোয়ায় বুধবার এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘কের পর এক কবর আবিষ্কারের এই ভয়াবহতা কানাডার নাগরিকদের বারবার অতীতে, এমনকি এখনো আদিবাসীদের ওপর চলমান অন্যায় মনে করিয়ে দিচ্ছে।

কবর আবিষ্কারের পর থেকে দেশজুড়ে গির্জায় ভাঙচুর আর অগ্নিসংযোগ শুরু হওয়ার নিন্দা জানান তিনি। সবার প্রতি আহ্বান জানান ঐক্য গড়ার প্রচেষ্টায় অংশ নেয়ার।

স্থানীয় সময় বুধবার ভোরে অ্যালবার্টা ও নোভা স্কটিয়া প্রদেশের দুটি গির্জায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে মোট ছয়টি গির্জায় আগুন লেগেছে। বাকি চারটি গির্জা ব্রিটিশ কলাম্বিয়ার।

আদিবাসী-অধ্যুষিত দুটি প্রদেশে হাজারো অচিহ্নিত পুরোনো কবর শনাক্তের সময়ে বিভিন্ন ক্যাথলিক চার্চে আগুন ধরানোর ঘটনায় যোগসূত্র খুঁজছে পুলিশ। কোনো ঘটনাতেই এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা অভিযোগ গঠন করা হয়নি।

এ বিষয়ে ট্রুডো বলেন, ধর্মীয় উপাসনালয়ে ধ্বংসযজ্ঞ চালানো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এগুলো বন্ধ করতেই হবে। অতীতের অন্যায়গুলোর পুনরাবৃত্তি ঠেকাতে নতুন করে অন্যায় নয়, বরং সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।

১৮৩১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কানাডার আবাসিক শিক্ষাব্যবস্থার আওতায় পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল দেড় লাখ আদিবাসী শিশুকে। তাদের জোর করে খ্রিষ্টানদের আবাসিক স্কুলে রেখে দেয়া হতো, খেতে দেয়া হতো না; চালানো হতো শারীরিক ও যৌন নির্যাতন।

জানা যায়, এই শিশুদের বেশিরভাগেরই পরে আর খোঁজ মেলেনি, তারা ফেরেনি পরিবারের কাছে।

কানাডার ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন ২০১৫ সালে ‘সাংস্কৃতিক জেনোসাইড’বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আদিবাসীদের নির্মূল প্রচেষ্টার অংশ এই জেনোসাইডের কেন্দ্র হিসেবে আবাসিক শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।

সাসকাচোয়ান প্রদেশের ৭৪টি আদিবাসী গোষ্ঠীর জোট ফেডারেশন অফ সভরেইন ইনডিজেনাস নেশন্স (এফএসআইএন) জানিয়েছে, সাবেক শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদানে ক্যাথলিক চার্চের আড়াই কোটি কানাডিয়ান ডলার দেয়ার কথা থাকলেও এখনো সে আশ্বাস পূরণ করা হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status