নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নয়াবাড়িতে বন্ধ কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার (২২ মে) রাত ৩টার সময় গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখানে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধ মেকানিক্যাল টেকনিশিয়ান আলম বলেন, আমাদের কারখানার নাম নিকি ডাইং ফাক্টরি। আমি এখানে টেকনিশিয়ান হিসেবে কাজ করি। রাতে আমি ঘুমিয়ে ছিলাম। পরে সিকিউরিটি গার্ড হ্যাভেন চাকমা আমাকে ডেকে আনে। আমি আসার পর লিকেজ থেকে কিভাবে আগুন লাগে বলতে পারি না। এ ঘটনায় আমিসহ আরো ৪ জন অগ্নি দগ্ধ হই।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন এসেছে। এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ ভাগ,আলমের ১৭ ভাগ, নাজিরের ২০ ভাগ, হ্যাভেন চাকমার ১৫ ভাগ ও বশিরের ৪৮ ভাগ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।