রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হলেও মৃত্যুহার ছিল একেবারেই কম। একারণে প্রাণহানির বিষয়ে তাদের সরকারি হিসাব নিয়ে সন্দেহ ছিল অনেকেরই। অবশেষে দেশটি স্বীকার করেছে, সরকারি হিসাবে সেখানে করোনায় যত মানুষ মারা গেছেন দেখানো হচ্ছে, প্রকৃত মৃতের সংখ্যা তার অন্তত তিনগুণ বেশি।
রাশিয়ার জরিপকারী সংস্থা দ্য রোসস্ট্যাট-কে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে করোনাসহ বিভিন্ন রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ২৯ হাজার ৭০০ হয়েছে।
এই পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করে দেশটির উপ প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা বলেছেন, ‘এই বাড়তি মৃত্যুর প্রায় ৮১ শতাংশ কভিড-১৯ সংক্রান্ত।’
তার মানে ১ লাখ ৮৬ হাজারের বেশি রাশিয়ানের মৃত্যু হয়েছে নতুন রোগটিতে।
অথচ রাশিয়ার সরকারি হিসাব বলছে, দেশটিতে ৫৫ হাজার ৮২৭ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর সংখ্যা কম দেখাতে রাশিয়া শুরু থেকে কৌশলের আশ্রয় নেয়। ময়নাতদন্তে যাদের রিপোর্ট পজিটিভ ছিল তাদেরই শুধু ‘করোনায় মৃত’ বলা হয়েছে।
এদিকে রাশিয়া এরইমধ্যে নিজেদের বানানো করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি’র প্রয়োগ শুরু করেছে। ডিসেম্বরের শুরুতে একদিনে ৭০টি ক্লিনিকে টিকা সরবরাহ করা হয়।
শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মীরা।