অলঙ্কার দিতে দেরি করায় নববধূকে পিটিয়ে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:12 AM
অলঙ্কার দিতে দেরি করায় নববধূকে পিটিয়ে হত্যা, শ্বশুর-শাশুড়ি আটক
রংপুরের বদরগঞ্জে অলঙ্কার দিতে দেরি করায় নববধূ জাহিদা আক্তার শিলামনিকে হত্যার অভিযোগে তার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন স্বামী।
শুক্রবার ওই নববধূকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ নববধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে।
শুক্রবার সকালে উপজেলার কুতুবপুর ইউপির সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিলামনি পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার শাহ আব্দুর রউফ সরকারি কলেজের অনার্স বাংলা বিষয়ের শিক্ষার্থী ছিল। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউপির কেশকপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে সোনারপাড়া গ্রামের শফিকুল ইসলাম খোকা মেম্বারের ছেলে নাসিম সোনারের সঙ্গে শিলামনির বিয়ে হয়। বাবার বাড়ি থেকে বিয়েতে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেয়ার কথা ছিল। কিন্তু হতদরিদ্র বাবা অলঙ্কার তৈরি করে দিতে দেরি করেন।
এ নিয়ে প্রায়ই শিলামনিকে গালাগালসহ মানসিকভাবে নির্যাতন চালায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শুক্রবার সকালে শিলামনিকে হত্যার পর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে দেয়া হয়। পরে বিষয়টি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে স্বামী নাসিম সোনারসহ বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা সাহাবুল ইসলাম মণ্ডল বাদী হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
রংপুরের অ্যাডিশনাল এসপি (বি সার্কেল) মারুফ হোসেন জানান, নিহতের শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্বামী নববধূকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছিল। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার করা যাবে।