চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো সিএনজিচালিত স্কুটার উল্টে মঞ্জু মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মঞ্জু মিয়া হাজীগঞ্জ পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি সেন্দ্রা বাজার হতে হালিম রান্নার জন্য গরুর মাংস কিনে ফিরছিলেন।
একই ঘটনায় সিএনজির চালক মনু মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মৃত এবায়েদুল্লাহর ছেলে। তাকেও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম হোসেন জানান, সিএনজিচালিত স্কুটারটি যাত্রী নিয়ে রামগঞ্জ থেকে হাজীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে সোনাইমুড়ি এলাকায় পৌঁছলে স্কুটারের সামনে দিয়ে একটি কুকুর দৌড় দেয়। তাৎক্ষণিক কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত স্কুটার সড়কের মধ্যে উল্টে যায়। এতে সিএনজির চালক মনু মিয়া ও যাত্রী মঞ্জু মিয়া গুরুতর আহত হন। পরে তিনি আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতের মঞ্জু মিয়ার পরিবারের লোকজন এসে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মঞ্জু মিয়া মারা যান।
ইব্রাহিম হোসেন আরো জানান, নিহত মঞ্জু মিয়া একজন হালিম বিক্রেতা। তিনি সেন্দ্রা বাজার হতে গরুর গোস্ত কিনে হাজীগঞ্জ বাজারে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।