ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
ফরিদপুর সেভ হোম থেকে গ্রিল ভেঙে পালিয়ে গেছেন ৪ তরুণী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 December, 2020, 10:07 AM

ফরিদপুর সেভ হোম থেকে গ্রিল ভেঙে পালিয়ে গেছেন ৪ তরুণী

ফরিদপুর সেভ হোম থেকে গ্রিল ভেঙে পালিয়ে গেছেন ৪ তরুণী

ফরিদপুরে সেভ হোম থেকে পালিয়ে গেছেন চার তরুণী। শুক্রবার (৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার রাত ১০টা পর্যন্ত ১৮ ঘণ্টা অতিবাহিত হলেও পালিয়ে যাওয়া ওই তরুণীদের কোনো সন্ধান মেলেনি।

এ সেভ হোমটির নাম ‘মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন’। সমাজসেবা অধিদফতর পরিচালিত এ সেভ হোমটি ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় সোহরাওয়ার্দী লেক পাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত।

সেভ হোম সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মোট ৭২ জন নিবাসী ছিলেন। এরমধ্যে থেকে চারজন শুক্রবার ভোর চারটার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য সালমা বেগম (২৬) ও বিউটি আক্তারের (২৭) ঘুমিয়ে থাকার সুযোগে গ্রিল ভেঙে প্রাচীর টপকে পালিয়ে যান।

পালিয়ে যাওয়া ওই চার তরুণী হলেন- রাজবাড়ী কোর্ট থেকে আসা সোনালী আক্তার (২১), রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আসা আলিসা (২০), গোপালগঞ্জ থেকে আসা ময়না (১৮) এবং শরীয়তপুর থেকে আসা আছিয়া (১৭)।

এরা সবাই ভবঘুরে হিসেবে উল্লেখিত জেলা ও উপজেলায় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে এ সেভ হোমে রয়েছেন।

এদের মধ্যে আলিসা আছেন ২০১৫ সাল থেকে। বাকিরাও তিন কিংবা চার বছর ধরে আছেন। এদের আইনগত অভিভাবক না পাওয়ায় আদালত তাদের সেভ হোমে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই সেভ হোমের উপ-তত্ত্বাবধায়ক রুমানা আক্তার বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই আনসার সদস্য ঘুমিয়ে থাকার সুযোগে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পালিয়ে যাওয়া ওই নিবাসীদের সন্ধানে পুলিশের পাশাপাশি সেভ হোম কর্তৃপক্ষও কাজ করছেন।’

ফরিদপুর সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আলী আহসান বলেন, ‘ওই নিবাসীদের নিরাপদে রাখার জন্য জেলখানার মতো ১৮ ফুট উচু সীমানা প্রাচীর ও মোটা গ্রিল এ সেভ হোমে ছিল না। গ্রিল ছিল সরু এবং সীমানা প্রাচীর ছিল ছয় ফুট উচ্চতাবিশিষ্ট।’

তিনি বলেন, পালিয়ে যাওয়া নিবাসীদের উদ্ধারের চেষ্টা চলছে। ফরিদপুর সেভ হোম থেকে কোনো নিবাসীর পালিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই সময় যে দুই আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, পালিয়ে যাওয়া তরুণীদের উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status