পটুয়াখালীর কলাপাড়ায় সেতু ভেঙে বালুবোঝাই ট্রলিসহ খালে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক আনিস প্যাদার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৫২ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউপির পূর্বমধুখালী লাশটি উদ্ধার করা হয়।
নিহত আনিস প্যাদা উপজেলার মিঠাগঞ্জ ইউপির মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার বালুবোঝাই একটি ট্রলি মিঠাগঞ্জ ইউপির পূর্ব মধুখালি সাপুরিয়া খাল পারাপারের সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় ট্রলিচালক শাহীনসহ তিনজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন আনিস প্যাদা।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন জানান, আনিস প্যাদাকে উদ্ধারে ইউপিসহ স্থানীয় ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা উদ্ধার কাজ চালান। বৃহস্পতিবার সকাল থেকে দুটি ভেকু ও ভারি যন্ত্রের মাধ্যমে ব্রিজের ভেঙে পড়া অংশ সরিয়ে ফেললে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে লাশের সন্ধান পান স্থানীয়রা। পরে নিখোঁজের স্ত্রী খাদিজা বেগম লাশ শনাক্ত করেন।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।