|
ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা, চিন্তিত ভারত!
নতুন সময় প্রতিবেদক
|
|
ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা, চিন্তিত ভারত! বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে আজও ক্রিকেটপ্রেমীদের জন্য অবশ্য অপেক্ষা করছে দুঃসংবাদই। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মতো এই ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার কার্ডিফে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন পুরো সময়ই কার্ডিফের আকাশ মেঘে ঢাকা থাকার কথা রয়েছে। এ ছাড়াও হতে পারে বৃষ্টিপাতও। সেক্ষেত্রে বৃষ্টির স্থায়িত্বের উপর নির্ভর করে ওভার কমিয়ে আনা হতে পারে। এদিকে গত বছর চারেক ধরেই বাংলাদেশ-ভারত ম্যাচ ছড়াচ্ছে উত্তাপ। ২০১৫ সালের বিশ্বকাপে বিতর্কিত সিদ্ধান্ত, পরের বছর ভারতের বিপক্ষে সিরিজ জয়, টি-টোয়েন্টিসহ কয়েকটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের ম্যাচে দিয়েছে নতুন আবহ। এদিকে কার্ডিফের সোফিয়া গার্ডেনের পিচ নিয়ে চিন্তিত ভারত। ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা বলেন, ‘এটা নিছকই একটা প্রস্তুতি ম্যাচ। ইংল্যান্ডে প্রথম দিকে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেটের ধরন একই থাকলে ব্যাটসম্যানদের অনুশীলনে বাধা হয়ে দাঁড়াবে।’ জাদেজা আরো বলেন, ‘বিশ্বকাপ শুরু হলে পিচে এত ঘাস থাকবে না আর ব্যাটসম্যানেরাও সুবিধা পাবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং ইউনিটকে একটু দক্ষ করতে হবে। আমাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তাই চিন্তারও কিছু নেই।’ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগারদের সেরা কম্বিনেশন বাছাই করার শেষ সুযোগ। এর আগে ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতেছে। সিরিজে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এদিকে, বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও ভারত এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। তবে তাদের ফলাফল সুখকর নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই প্রস্তুতি ম্যাচটি বাজেভাবে হেরেছে ভারত। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে টাইগাররা লন্ডনে যাবে। যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২ ও ৫ জুন মূল ইভেন্টে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ আসরের একেবারে শেষদিকে। আগামী ২ জুলাই এজবাস্টনে ভারতের মুখোমুখি হবেন মাশরাফিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
