|
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রাঙ্গাবালীতে ১২ জেলের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রাঙ্গাবালীতে ১২ জেলের কারাদণ্ড রোববার (১৯ অক্টোবর) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে রাতভর অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও জেলেদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ১৮ অক্টোবর রাত ১০টা থেকে ১৯ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২ জেলেকে আটক করার পাশাপাশি প্রায় ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন। অভিযান শেষে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। আদালত প্রত্যেক জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেন। পরে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখা, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মৎস্য বিভাগ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
