|
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র
সায়ীদ আবদুল মালিক, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
|
![]() বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র গতকাল বুধবার সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির পেছনে আগের সরকারের সময় থেকে চলে আসা সমস্যাগুলো বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বলে তারা মনে করছে। অর্থনৈতিক উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিদ্যমান সংকট মোকাবিলা এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারণা। এ কারণে আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে। তিনি আরও জানান, এসব সহযোগিতার বিষয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অগ্রগতি এবং সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আশ্বাস এবং অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে আলোচনার অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
