|
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনা, উপহার ৫০ হাজার টাকা
মোঃ আল আমিন আকন, বাউফল
|
![]() বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনা, উপহার ৫০ হাজার টাকা শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় হাফেজ জাকারিয়ার অসাধারণ সাফল্য বাউফল ও বাংলাদেশের জন্য গর্বের। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে তার এ অর্জন প্রমাণ করে, যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তিনি বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করলে তারা ভবিষ্যতে আরও বড় অর্জনে ভূমিকা রাখতে পারবে। পরে হাফেজ জাকারিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। এ ছাড়া শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা হাফেজ জাকারিয়ার আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
