|
যে তিন কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষামন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() যে তিন কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন ভারতের শিক্ষামন্ত্রী শনিবার (২৫ জুলাই) এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ বিবৃতির মাধ্যমে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। পদত্যাগপত্রে তিনি বিগত চার দশক ধরে ছাত্রছাত্রী, শিক্ষক সমাজ এবং শিক্ষাসংস্কারে নিজের আত্মনিয়োগের কথা তুলে ধরেন এবং দেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতি গভীর শ্রদ্ধার কথা ব্যক্ত করেন। বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান যে, গত ৩ মে অনুষ্ঠিত হওয়া নিট-ইউজি পরীক্ষার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সামনে আসার পর পরই সরকার তাৎক্ষণিকভাবে তা সিবিআই তদন্তের নির্দেশ দেয়, পরীক্ষা বাতিল করে এবং পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে। পাশাপাশি আগামী বছর থেকে এ পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক বা সিবিটি মোডে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন করাকে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কেন্দ্র, রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের সমন্বয়ে গত ২১ জুন সফলভাবে পরীক্ষাটি সম্পন্ন করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। শুরু থেকেই এ পরিস্থিতির সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেওয়ার কথা জানিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, পরীক্ষা মাফিয়ার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না এবং কোনো শিক্ষার্থীর ওপর অবিচার হতে দেওয়া হবে না বলে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। গত ১৬ জুলাই প্রকাশিত নিট-ইউজির ফলাফল সন্তোষজনক ছিল এবং পিছিয়ে পড়া পরিবারের বহু মেধাবী শিক্ষার্থী তাতে সাফল্য অর্জন করেছিল বলেও তিনি জানান। তবে এ পুরো প্রক্রিয়ার মধ্যেও দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তির পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল; যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে বলে উল্লেখ করেন তিনি। বিগত ১০ দিনের ঘটনাবলীতে গভীর বেদনা প্রকাশ করে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, এটি তার কাছে কোনো ব্যক্তিগত অহংকারের বিষয় নয়। যন্তর মন্তর ও দেশজুড়ে তৈরি হওয়া পরিস্থিতির সুযোগ যাতে কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, জাতীয় ঐক্য অটুট থাকে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না পড়ে, সে জন্যই তিনি পদত্যাগের এ সিদ্ধান্ত নিয়েছেন। পরিশেষে, নরেন্দ্র মোদির দিকনির্দেশনা ও আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশসেবাই তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতে ভগবান জগন্নাথের আশীর্বাদে তিনি উড়িষ্যার জনতা ও দেশের যুব সমাজের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে যাবেন। সূত্র: এনডিটিভি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
