খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, হিসাব সংবলিত একটি খাতা এবং অনলাইন জুয়ার বিভিন্ন স্ক্রিনশট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে রামগড় থানার এসআই মো. আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় ক্যজাই মারমা (৩৯)-এর বসতঘরে অনলাইন পোর্টালের মাধ্যমে জুয়া খেলা পরিচালিত হচ্ছে।
সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে ক্যজাই মারমাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি একটি OPPO স্মার্টফোন ব্যবহার করে shillongteerground.com এবং teernightindia.com নামের অনলাইন পোর্টালের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগসাজশে অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় অংশগ্রহণ করতেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি OPPO অ্যান্ড্রয়েড স্মার্টফোন, একটি Symphony বাটন ফোন, জুয়ার হিসাব লেখা একটি খাতা এবং অনলাইন জুয়ার স্ক্রিনশট জব্দ করা হয়। জব্দকৃত খাতার ২৯টি পাতায় বিভিন্ন তারিখ ও টাকার অঙ্ক উল্লেখ ছিল বলে জানিয়েছে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, এ ঘটনায় থানায় এফআইআর নং-১, তারিখ ২ জুন ২০২৬, জিআর নং-১৬ মূলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।