ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
লামায় জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 April, 2026, 11:00 AM

লামায় জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

লামায় জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। একদিকে অনাথ আশ্রমের পরিচালক উথোয়াইগ্য মার্মা মানববন্ধন করে অভিযোগ তুলেছেন, অন্যদিকে সাংবাদিক মোঃ ইউছুপ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে রংখ্রেদঃ অনাথ আশ্রমের শিশুদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করেন আশ্রমের পরিচালক উথোয়াইগ্য মার্মা। মানববন্ধনে তিনি অভিযোগ করেন, স্থানীয় মোঃ ইউছুপ নিজেকে সাংবাদিক ও কৃষকলীগের সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আশ্রমের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। প্রভাব খাটিয়ে সহযোগীদের মাধ্যমে আশ্রম সংশ্লিষ্টদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কথিত ২৫০ নম্বর হোল্ডিংয়ের জমির দাবি তুলে আশ্রম উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে, ফলে আশ্রমের শিশুদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল ৪টায় লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উথোয়াইগ্য মার্মার সকল অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন সাংবাদিক মোঃ ইউছুপ। তিনি জানান, লামা উপজেলার ২৯৩ নম্বর ছাগল খাইয়া মৌজার ২৫০ নম্বর হোল্ডিং ও ১৩ নম্বর খতিয়ানের আওতায় আলুংসে মার্মার কাছ থেকে তিনি ৩৫ শতক জমি ক্রয় করে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ভোগদখল করে আসছেন।

তিনি আরও দাবি করেন, একই মালিকের কাছ থেকে উথোয়াইগ্য মার্মা ১০ শতক জমি ক্রয় করে সেখানে বসবাস করছেন। তবে সম্প্রতি আশ্রমকে আড়াল হিসেবে ব্যবহার করে তার ক্রয়কৃত ৭ শতক জমি জবরদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ২০২৫ সালের ২৫ জুলাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন ইউছুপ। মামলার প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া গত ৭ এপ্রিল ভূমি প্রতিকার আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে ইউছুপ আরও অভিযোগ করেন, উথোয়াইগ্য মার্মা আশ্রমের শিক্ষার্থীদের ব্যবহার করে পরিস্থিতিকে স্পর্শকাতর করে তুলছেন এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। বিভিন্ন প্রশাসনিক নির্দেশনায় মৌজা হেডম্যান, পাড়া কারবারি ও জনপ্রতিনিধিদের তদন্ত প্রতিবেদনে তার দাবিগুলো মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, ইউছুপ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, তিনি সশস্ত্র হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status