|
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
ইসমাইল-রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইসমাইল-রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ম্যাচজুড়ে দুই দলই ছিল সমানতালে লড়াকু। নির্ধারিত ৯০ মিনিটে কেউই গোলের দেখা না পাওয়ায় খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন গোলকিপার ইসমাইল হোসেন মাহিন ও ফরোয়ার্ড রোনান সুলিভান। টাইব্রেকারের শুরুতেই ভারতের ঋষি সিংয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ইসমাইল। এতে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের হয়ে একে একে গোল করেন মুর্শেদ আলি, চন্দন রায় ও আব্দুল রিয়াদ ফাহিম। তবে চতুর্থ শটে এসে নাটকীয়তা তৈরি হয়। শট নিতে আসেন স্যামুয়েল রাকসাম, ঠিক তখনই ভারত গোলকিপার সুরজ সিং চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন। এতে কিছুটা ছন্দপতন ঘটে বাংলাদেশের। চিকিৎসা শেষে ফিরে আসা সুরজের সামনে স্যামুয়েলের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ভারত সমতায় ফিরে আসে। তবে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় পঞ্চম শটে। ভারতের ওমং দোদুম শট নেন বাইরে। তখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল একটি গোল। দায়িত্ব নেন রোনান সুলিভান। অসাধারণ ঠান্ডা মাথায় ‘পানেনকা’ শটে বল জালে জড়িয়ে দলকে এনে দেন ঐতিহাসিক জয়। এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। সপ্তম মিনিটে রোনানের শট প্রতিপক্ষ গোলকিপার ঠেকিয়ে দেন। ত্রয়োদশ মিনিটে তারই বাড়ানো বলে মিঠু চোধুরির হেড লক্ষ্যে ছিল না। প্রথমার্ধের শেষদিকে রোনানের সাইড ভলিও চলে যায় বার ঘেঁষে বাইরে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ভারতের কয়েকটি বিপজ্জনক আক্রমণ রুখে দেন ইসমাইল। ৮২তম মিনিটে ভারতের একটি শট উপরের জাল কাঁপায়। আরেকটি সহজ সুযোগ নষ্ট করায় স্বস্তি পায় বাংলাদেশ। বাংলাদেশ কোচ মার্ক কক্স একাদশে একটি পরিবর্তন এনে সানি দাসের বদলে আব্দুল রিয়াদ ফাহিমকে খেলান, যা পরে কার্যকর প্রমাণিত হয়। বদলি হিসেবেও ডেকলান সুলিভানকে নামানো হয় দ্বিতীয়ার্ধে। এই জয় বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে বয়সভিত্তিক সাফের তিনটি ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবারই প্রথম ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল দলটি। এর মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ মিলিয়ে আট আসরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। আর ফাইনালের নায়ক ইসমাইল ও রোনানের হাত ধরেই এলো এই গৌরবময় সাফল্য।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
