গলাচিপায় মামলাবাজের অত্যাচার থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 11 March, 2026, 4:38 PM
গলাচিপায় মামলাবাজের অত্যাচার থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন
পটুয়াখালীর গলাচিপায় প্রতিবশীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি ও জানমালের ক্ষয়-ক্ষতির অভিযোগে এক প্রবাসীর ছেলে মো. আহসান হাবিব দুলালসহ স্থানীয় অপর এক প্রবাসীর স্ত্রী ও ভুক্তভোগী পরিবারগুলোর অংশ গ্রহণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টায় উপজেলার কলাগাছিয়ার ৯ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়ায় প্রবাসী আব্দুল মন্নানের ছেলে মো. আহসান হাবিব দুলালের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আহসান হাবিব দুলাল বলেন, একই এলাকার বাসিন্দা মন্নান সরদার ও তার দুই ছেলে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছেন। কৃষকের ফসলি জমিতে গরু ছেড়ে দিয়ে ফসল নষ্ট করা, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা এবং তুচ্ছ ঘটনায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এ পর্যন্ত তিনি শতাধিক মানুষের নামে মামলা করেছেন বলেও অভিযোগ করেন। প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী আলেয়া বেগম বলেন, তাঁর স্বামী প্রবাসে থাকায় মন্নান সরদার ও তাঁর দুই ছেলে তাঁদের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নষ্ট করেছেন। এ ছাড়া তাঁকে বিভিন্ন সময় মারধরের হুমকি দেওয়া এবং অকারণে অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগও করেন তিনি। একই গ্রামের মস্তফা হাওলাদার বলেন, দোকান চুরির মিথ্যা অভিযোগ তুলে তাঁর ও তাঁর ছেলেদের নামে মামলা করে হয়রানি করা হচ্ছে। আরেক ভুক্তভোগী রহিম হাওলাদার বলেন, মন্নান সরদার এলাকার ‘খারাপ প্রকৃতির’ লোক। তিনি কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা করেন। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।