|
৭ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে সুপারবোর্ড কারখানা
নতুন সময় প্রতিবেদক
|
|
৭ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে সুপারবোর্ড কারখানা মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ড কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সাত ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। রোববার (২৪) দুপুর ১টার কিছু সময় পর উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় টি কে গ্রুপের মালিকানাধীন ওই কারখানাটিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। একে একে সংস্থাটির ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি রয়েছে। ফলে আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে বাকি ইউনিটগুলো যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। এতে আগুনের তাপ কিছুটা কমেছে। তবে এখনো থেমে থেমে আগুন জ্বলছে। কাঠের গুঁড়া ও পাটের খড়ির আগুন হওয়ায় পুরোপুরি নিভতে সময় লাগতে পারে। গত কয়েক দিন ধরেই দেশে অস্বাভাবিক অগ্নিকাণ্ড ঘটছে। আজ এটি ছাড়াও আরও দুটি আগুনের ঘটনা ঘটে। ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকান। বিকেলে রাজধানীর বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে দুই শতাধিক কাঁচাঘর।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
