যুক্তরাষ্ট্রে এস কে সিনহার বাড়ি ও ৩ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 March, 2023, 10:30 AM
যুক্তরাষ্ট্রে এস কে সিনহার বাড়ি ও ৩ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার ওরফে এস কে সিনহা ও তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার যুক্তরাষ্ট্রের একটি বাড়ি ও তিনটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র
স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এস কে সিনহার যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক অ্যাকাউন্ট হলো—ম্যাসাচুসেটসের সিটিজেন ব্যাংক বস্টনের পারসোনাল চেকিং অ্যাকাউন্ট ও ম্যাসাচুসেটসের বস্টনে সেফ ডিপোজিট বক্স। অন্যটি তার ভাই অনন্ত কুমার সিনহার ভ্যালে ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। এছাড়া নিউ জার্সির প্যাটারসনের জ্যাসপার স্ট্রিট্রের ১৭৯ নম্বরের বাড়ি।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সিনহা ও তার ভাইয়ের ব্যাংক হিসাব ও বাড়ি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। ২০২২ সালের ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের এ উপ-পরিচালক মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। পাচারের অর্থ দিয়ে তিনি দেশটির নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন।