ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ৩০ সঙ্গীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ রিমান্ডের আদেশ দেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
আসমিদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মতিঝিল থানায় ৫১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট থানার এসআই মিন্টু কুমার।
জানা গেছে, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
পুলিশ মিছিলের গতি রোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এসময় মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।