যুক্তরাষ্ট্রের প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’ ডগ এমহোফ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 November, 2020, 9:01 PM
যুক্তরাষ্ট্রের প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’ ডগ এমহোফ
প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
কেবল নিজেই এতগুলো প্রথম হয়েছেন তা নয়, স্বামীকে বানিয়েছেন মার্কিন রাজনীতির ইতিহাসে প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্টলেডি আর ভাইস প্রেসিডেন্টে স্ত্রী সেকেন্ড লেডি। কিন্তু এই প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ায় তার স্বামী হতে যাচ্ছেন প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’।
এতে অবশ্য খুবই খুশি ভারতীয় বংশোদ্ভূত কমলার স্বামী ও বিনোদন আইনজীবী ডগ এমহোফ। স্ত্রীর ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার পরই তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন।
স্ত্রীকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। তাতে লিখেছেন ‘তোমাকে নিয়ে আমি গর্বিত’ (সো প্রাউড অব ইউ)। খবর এএফপির।
কমলা হ্যারিস ইতিহাস তৈরি করে ভাইস প্রেসিডেন্ট হওয়া ছাড়াও অনেকগুলো প্রথমের সঙ্গে যুক্ত তিনি। ভারতীয় বংশোদ্ভূত সান ফ্রান্সিসকোর প্রথম ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পাশাপাশি প্রথম এশীয় বংশোদ্ভূত সিনেটরও তিনি।
কমলার সঙ্গে সেকেন্ড জেন্টলম্যান এমহোফের বিয়ে হয় ২০১৪ সালে। এটি কমলার দ্বিতীয় বিয়ে কিন্তু এমহোফের প্রথম।
আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট পদে লড়েছেন। ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তাদের কেউই নির্বাচিত হতে পারেননি।
আবার বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিলে প্রথম নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র। এটা আরও বড় রেকর্ড।