নির্বাচন পেছানোর বিক্ষোভে অস্ত্র উঁচিয়ে হুমকি, গণধোলাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 4:12 PM
নির্বাচন পেছানোর বিক্ষোভে অস্ত্র উঁচিয়ে হুমকি, গণধোলাই
৩০ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শাহবাগ মোড়ে আন্দোলন করছে ঢাবি শিক্ষার্থীরা। এ সময় গাড়িতে করে যাচ্ছিলেন আলিফ নামে এক ব্যক্তি। তার গাড়ি যেতে দিতে শিক্ষার্থীদের বলেন তিনি। কিন্তু শিক্ষার্থীরা তার গাড়ি না যেতে দিলে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে অস্ত্র বের করেন এবং শিক্ষার্থীদের ভয় দেখান।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গাড়ি থেকে বের করে গণধোলাই দেয়। পরে আহত অবস্থায় প্রথমে তাকে শাহবাগ থানা এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত আলিফকে পুলিশি প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘আলিফের বন্দুকের লাইসেন্স ছিল। তিনি আন্দোলনকে নিজের জীবনের হুমকি মনে করেছিলেন বলেই অস্ত্র প্রদর্শন করেন। তাকে আটক করা হয়নি। পুলিশি প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।’