ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে গতকাল অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। দুপুরের তপ্ত রোদে যখন একাডেমি মাঠে অনুশীলন করছিলেন সফরকারীরা, তখন তাদের দেখে বোঝা যাচ্ছিল ঢাকার ভ্যাপসা গরম কতটা কাবু করেছে। সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ায় বলতে গেলে পুরো ম্যাচে তীব্র গরমের সঙ্গে লড়াই করতে হবে তাদের।
সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে গতকাল সফরকারীদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন জশ ইংলিশ। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে কতটা রোমাঞ্চ টিম অস্ট্রেলিয়া, বিষয়টি নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'অনেক এক্সাইটিং। আমরা বাংলাদেশের সঙ্গে খুব বেশি একটা খেলি না। বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি প্রথমবার এখানে এলাম। দলের অন্য অনেক প্লেয়ারই প্রথমবার এসেছে। আমরা সবাই এই সিরিজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড।'
এছাড়াও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসছেন না ট্রাভিস হেড। এছাড়াও মিচেল মার্শও খেলছেন না এই সিরিজ। দলের গুরুত্বপূর্ণ দুই জন তারকাকে ছাড়া উপমহাদেশের কন্ডিশনে কেমন করবে টিম অস্ট্রেলিয়া। এই বিষয়ে জশ ইংলিশ বলেন, 'যখন আপনি মিচেল মার্শ ও ট্রাভিস হেডের মতো খেলোয়াড়দের দল থেকে বাদ দেবেন, তখন আপনি কিছু একটা মিস করবেন। তারা দুজনেই অবিশ্বাস্য রকমের ভালো খেলোয়াড় এবং এটি দুর্ভাগ্যজনক যে তারা এখানে নেই।'
সবমিলিয়ে বাংলাদেশ সফর নিয়ে জশ ইংলিশ বলেন, 'আমার মনে হয় এটি খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। আমরা আগেও যেমনটা বলেছি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সচরাচর খুব বেশি মুখোমুখি হয়নি। তাই আমি জানি আমাদের ছেলেরা সত্যিই বেশ এক্সাইটেড এবং আমরা মাঠে নেমে এই কন্ডিশনে খেলার জন্য মুখিয়ে আছি।'
বাংলাদেশের স্কোয়াডে থাকা একমাত্র ক্রিকেটার রিশাদ হোসেন, যিনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন। এই লেগিকে নিয়ে জশ ইংলিশ বলেন, 'সে অনেক ভালো একজন বোলার। বিগ ব্যাশে অনেক খেলেছে সে। কিছু প্লেয়ার তার বিরুদ্ধে খেলেছে। আমাদের দলের ম্যাথু, নাথান এলিস তারা হোবার্টেই খেলেছে (রিশাদের সঙ্গে)। আমরা অবশ্যই তার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করব।'
এছাড়াও বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম পেসার নাহিদ রানা। প্রায় সব প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান এই স্পিড স্টার। নাহিদকে নিয়ে অস্ট্রেলিয়ার পরিকল্পনা কী, বিষয়টি নিয়ে অজি অধিনায়ক বলেন, 'আমি তার বোলিং বেশি দেখিনি, তবে যতটুকু দেখেছি মনে হয়েছে, মনে হয়েছে সে অনেক ভালো একজন বোলার। দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করতে পারে এমন কম্বিনেশনে থাকাটা দারুণ ব্যাপার। তাকে খেলাটা এই সিরিজে আমাদের জন্য বেশ কঠিন কাজ হতে যাচ্ছে।'